ইরাকে বন্দুকধারীদের হামলায় ১৪ জন ট্রাক চালক নিহত

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে একটি মহাসড়কে বৃহস্পতিবার বন্দুকধারীদের হামলায় ১৪ জন ট্রাকচালক নিহত হয়েছে। পরে তারা ট্রাকগুলো নিয়ে পালিয়ে যায়। এছাড়াও জঙ্গিরা বাগদাদের পার্শ্ববর্তী একটি শহরে হামলা চালিয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মাদ আল-বয়াতি জানান, বন্দুকধারীরা ইরাকের সুলাইমান বেক শহরের প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে এসব ট্রাকচালককে হত্যা করে তাদের পরিবহন নিয়ে পালিয়ে যায়। বয়াতি আরো জানান, জঙ্গিরা বুধবার রাত থেকে মর্টার ও বন্দুকের সাহায্যে সুলাইমান বেক শহরে দফায় দফায় হামলা চালাচ্ছে। তিনি জানান, জঙ্গিদের অব্যাহত এসব হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। উল্লেখ্য, জঙ্গিরা গত এপ্রিল মাসের শেষের দিকে সুলাইমান বেক শহরে দখল করে নিলেও পরে উপজাতি নেতা ও সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোচনা সাপেক্ষে তারা তা ছেড়ে দেয়।