বো জিলাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনলো চীন
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২১:০৩
কেলেঙ্কারি জর্জরিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছে চীন। শ্যানডং প্রদেশের জিনানে বৃহস্পতিবার সরকারি কৌসুলিরা জিলাইকে অভিযুক্ত করেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। ব্রিটিশ এক ব্যবসায়ী হত্যাকাণ্ডকে ঘিরে কেলেঙ্কারির মুখে চংকিং-এর কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান বো জিলাইকে দল থেকে বহিষ্কার করা হয়। নেইল হেউড নামক ওই ব্রিটিশ ব্যবসায়ীকে হত্যার অভিযোগে গত আগস্টে জিলাইয়ের স্ত্রী গু কাইলাইকে কারাদণ্ড দেয় আদালত। হত্যাকাণ্ডের এ ঘটনা ছাড়াও দুর্নীতি এবং কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ে অন্তর্কলহ নিয়ে বো জিলাই যে কেলেঙ্কারিতে জড়িয়েছেন তা কয়েক বছরের মধ্যে চীনে আলোড়ন সৃষ্টি করেছে।