গোদাগাড়ীর আম বাগানে চাষ হচ্ছে আনারস

রাজশাহীর গোদাগাড়ীতে আম বাগানে আনারস চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন কৃষক আশরাফ আলী। উপজেলার ধামিলা গ্রামের এ কৃষক কৃষি সমপ্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে ১ বিঘা আম বাগানে ২ হাজার ২শ’টি আনারসের চারা রোপণ করেন। তিনি জানান, উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর টাঙ্গাইল থেকে আনারসের চারা সংগ্রহ করে সরবরাহ করায় খরচ কম হয়েছে। ১ বিঘা আনারস চাষে তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। এখন পর্যন্ত উত্পাদিত আনারস বিক্রি করেছে ৬৬ হাজার টাকার। আরো ৭০ হাজার টাকা বিক্রি করা যাবে। কৃষক আশরাফ আলী জানান, একটি চারায় ৬টি আনারসের ফলন পাওয়া গেছে। খেতে সুস্বাদু হওয়ায় বাগানে উত্পাদিত আনারসের বাজারে বেশ চাহিদা রয়েছে। প্রতিটি আনারস খুচরা বাজারে ৪০ থেকে ৫০ টাকা মূল্য বিক্রি হয় বলে ব্যবসায়ীরা জানান। কৃষক আশরাফ আলী গত ১০ বছর ধরে জমি পরিত্যক্ত রেখে বছরে শুধুমাত্র আম বিক্রি করে আসছিলেন। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরিত্যক্ত জমিতে আনারসের চাষ করে অভানীয় সাফল্য পাওয়ায় আশরাফ আলী তার অন্য আম বাগানে আনারস চাষ করবেন বলে জানান। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম বলেন, আম বাগানসহ বিভিন্ন ফলের বাগানে আনারস চাষ করে বাড়তি আয়ের সঙ্গে এ অঞ্চলের মানুষের পুষ্টির চাহিদা মেটানো যাবে। আগামী বছর এ অঞ্চলে আনারস চাষ বিস্তার ঘটাতে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হবে।