কেমিক্যাল মিশ্রিত খাবারে রোগাক্রান্ত হচ্ছে শিশুরা

সিরাজগঞ্জের সদরসহ ১৩টি ইউনিয়নের হাটবাজারে বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত রঙ-বেরঙের খাবারের প্রতি কোমলমতি শিশু-কিশোররা ঝুঁকছে। এসব বাহারি ও মুখরোচক খাবার খেয়ে শিশুরা পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিত্সকদের মতে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ও রঙ মিশিয়ে তৈরি করা মুখরোচক খাবার শিশুদের পেটের পীড়া, লিভার এমনকি কিডনিরও চরম ক্ষতি সাধন করতে পারে। তাই অবিলম্বে এসব রঙিন কেমিক্যাল মিশ্রিত খাবার বিক্রয় বন্ধ জরুরি হয়ে পড়েছে। জানা গেছে, পৌর সদরসহ সর্বত্র ছোট ছোট ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বিভিন্ন রঙ-বেরঙের খাবার স্কুলপড়ুয়া কোমলমতি শিশু ও কিশোরদের মধ্যে অবাধে বিক্রি করা হচ্ছে। যমুনা নদী তীরবর্তী হার্ডপয়েন্ট এলাকায় দেখা যায়, আটা, ময়দার সাথে বিভিন্ন ধরনের রঙ মিশিয়ে টক-ঝাল, মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য স্কুলপড়ুয়া শিশুদের দারুণভাবে আকৃষ্ট করছে। এমনকি প্রত্যন্ত হাটবাজারেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন রঙিন খাবার শিশুদের মধ্যে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে। সচেতন মহলের মতে, কেমিক্যাল ও বিভিন্ন রঙ ব্যবহার করে তৈরি করা মানহীন ও মুখরোচক এসব খাবার বিক্রি বন্ধ না হলে কোমলমতি শিশু-কিশোররা নানা জটিল রোগে আক্রান্ত হবে।