রামুতে গাড়িসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

কক্সবাজারের রামুতে ছিনতাই করা অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের চারজনকে আটক করেছে জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত ৪ ছিনতাইকারী হলো, কক্সবাজার সদর উপজেলার ঈদগাও খোদাইবাড়ি এলাকার বাসিন্দা ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামের ছেলে রাসেদুল ইসলাম (২১), ঈদগাঁও নতুন মহাল এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে মো. আফছার (১৯), ঈদগাঁও মাইজপাড়ার জাফর আলমের ছেলে ঈদগাঁও স্টেশনস্থ ইলহাম এন্টারপ্রাইজ-এর মালিক মো. রাসেল (২০), ঈদগাঁও খোদাইবাড়ি এলাকার মৃত শাহ আলম ভুলুর ছেলে কামরুল হাসান (২০)। বুধবার রাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে চালককে মারধর ও ছুরিকাহত করে অটোরিকশা ছিনতাই করে। ছিনতাই হওয়ার ঘন্টাখানেক পর চার ছিনতাইকারীসহ গাড়িটি চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় জনতার হাতে ধরা পড়ে। রামু থানার অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা জানান, আটক চার যুবক গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের ছিনতাই হওয়া গাড়িসহ আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে রামু থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।