ভোমরায় ৫ লক্ষাধিক টাকার পাঙ্গাস মাছের পোনা আটক

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে বিজিবি গত শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ৫৪ ড্রাম পাঙ্গাস মাছের পোনা আটক করেছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ১২ হাজার টাকা। তবে বিজিবি এ সময় কোন চোরাচালানিকে আটক করতে সক্ষম হয়নি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি পদ্মখাখরা বিওপির সুবেদার কাসেমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গতকাল ভোরে ভারতে পাচারের সময় ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকার মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজের সামনে থেকে উক্ত ৫৪ ড্রাম পাঙ্গাস মাছের পোনা আটক করে। তবে চোরাচালানিরা এ সময় পাঙ্গাস মাছের পোনা ফেলে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাযহার এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত পাঙ্গাস মাছের পোনার মূল্য আনুমানিক ৫ লাখ ১২ হাজার টাকা।