কোম্পানীগঞ্জে বামনীর ভাঙ্গন অব্যাহত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২১:৪১
নোয়াখালী কোম্পানীগঞ্জের চরফকিরা ও চরএলাহী ইউনিয়নের বামনী নদীর ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। গত ২ সপ্তাহে ৫শ’ পরিবার নদী ভাঙ্গনের শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন ঠেকাতে বিকল্প বাঁধ নির্মাণ করেও ব্যর্থ হয়েছে এবং বিকল্প বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙ্গন কবলিত এলাকাগুলো হচ্ছে- বামনী নদীর ডান তীরের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম, দিয়ারা চরকচ্ছপিয়া, চরলেংটা, চরএলাহী। এছাড়া ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার, গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুচ্ছগ্রাম পুলিশ ক্যাম্প, গুচ্ছগ্রাম সাইক্লোন সেন্টার, গুচ্ছগ্রাম বাজার মসজিদ, চরএলাহী ইউনিয়নের এলাহী বাজার, এলাহী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, এলাহী বাজার মসজিদ, এলাহী হাই স্কুল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ১০ হাজার পরিবার। এভাবে নদী ভাঙ্গতে থাকলে আগামী ৩ মাসের মধ্যে চরফকিরা ও চরএলাহী ইউনিয়নের হাজার হাজার পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
চরপার্বতী ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন বেড়ী বাঁধ পরিদর্শন করেন, বসুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জা।
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোম্পানীগঞ্জের কর্মরত সাংবাদিক ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।