বাজিতপুর কৈটুপী প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ

বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের হাওরবেষ্টিত কৈটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে। যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। স্কুলটির শিক্ষক ও তিনশত শিক্ষার্থী আতংকগ্রস্ত অবস্থায় ক্লাস করছে। একটু বৃষ্টি হলে পানি ছাদ চুঁইয়ে পড়তে থাকে। যে কোন সময় ছাদ ভেঙ্গে মারাত্মক দুর্ঘটনা ও প্রাণনাশের আশংকা করা হচ্ছে। এছাড়া, ঢেউ থেকে রক্ষা পাওয়ার জন্য বিদ্যালয়ের সামনের প্রতিরক্ষা দেয়ালটি ঢেউয়ে ভেঙ্গে গিয়ে বারান্দার নিচের মাটি সরে গিয়ে দেয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে। ফলে এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়া-আসা হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। ১৯৯৪-৯৫ অর্থ বছরে নির্মিত বিদ্যালয় ভবনটি এযাবত্ সংস্কার না হওয়ায় বিদ্যালয়টি এখন সামগ্রিকভাবে হুমকির সম্মুখীন। এ ব্যাপারে ১০নং কৈটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মঈন উদ্দিন আহাম্মদ জানান, জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টি মেরামত করার জন্য আমরা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে অবহিত করেছি।