থাই কারাগার থেকে উখিয়ার ৫ জনকে ফিরিয়ে আনার উদ্যোগ

থাইল্যান্ডের কারাগারে আটক উখিয়ার ৫ যুবককে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে উখিয়া থানা পুলিশ সমপ্রতি ওই ৫ যুবকের বায়োডাটা সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। জানা গেছে, এ উপজেলার উপকূলীয় এলাকা চোয়াংখালী গ্রামের মুফিজ আলম (১৮), ছৈয়দ করিম (৫০), নুরুল হুদা (২০), নুরুল কবির (২৩) ও নূর মোহাম্মদ (৪৫) গত ১১ ফেব্রুয়ারি রাতে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে থাইল্যান্ড পুলিশের হাতে আটক হয়। এ সংক্রান্ত একটি ছবিসহ প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ৫ যুবকের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন প্রেরণের জন্য উখিয়া থানাকে নির্দেশ প্রেরণ করেন। ইনানী পুলিশ ফাঁড়ির এসআই বোরহানউদ্দিন ঘটনাস্থল উপকূলীয় এলাকা ঘুরে ওই ৫ যুবকের বিস্তারিত তথ্য সংগ্রহপূর্বক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ গিয়াসউদ্দিন মিয়া জানান।