চাটমোহর পৌর আওয়ামী লীগের
সম্মেলন কাল
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২১:৪৪
চাটমোহর পৌরসভার ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা শুরু হয়েছে। কাউন্সিলর না হওয়ার ব্যাপারে অনেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে এসে ক্ষোভ জানিয়ে কাউন্সিলর হওয়ার দাবি তুলেছেন। এরপরও আগামীকাল সোমবারের সম্মেলন নিয়ে চলছে নানা কথা। কে হচ্ছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন। সভাপতি পদে সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া, সাবেক সম্পাদক ইছাহক আলী মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু ও খন্দকার বজলুল করিম খাকছার। সাধারণ সম্পাদক পদে তিনজন আব্দুল্লাহ আল মামুন, জুয়েল মির্জা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন। সোমবার মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে সম্মেলন উদ্বোধন করবেন পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল। প্রধান অতিথি থাকবেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম সাইদুল হক চুন্নু।