আফ্রিদি-মিসবাহ সিপিএলে
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২২:০৭
ওয়েস্ট ইন্ডিজ সফর যেন দু’হাত ভরে দিয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। ওয়ানডে দলের অধিনায়ক মিসবাহ-উল-হক ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এনে দিয়েছেন ওয়ানডে সিরিজের শিরোপা, হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়। আর এই ফর্ম নিয়েই ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার ডাক পেলেন তিনি। তিনি একাই নন, পাকিস্তান থেকে আরও ডাক পেয়েছেন ফর্ম ফিরে পাওয়া ক্রিকেটার শহীদ আফ্রিদি।
আগামী সপ্তাহে শুরু হওয়া এ টুর্নামেন্টে সেন্ট লুসিয়া জুকসে অস্ট্রেলিয়ার লুক পমারর্সবাচের বদলী হিসাবে খেলবেন মিসবাহ। আগামী মঙ্গলবার কেনসিংটন ওভালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বার্বাডোজ ট্রিডেন্টস এর বিরুদ্ধে ম্যাচের আগেই জুকসের সঙ্গে যোগ দেবেন মিসবাহ। মিসবাহ ছাড়াও দলে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক খেলোয়াড় ড্যারেন সামি এবং টিনো বেস্টের মত খেলোয়াড়। দলটিতে স্থানীয় অনেক উঠতি মেধাবীরা ছাড়াও রয়েছেন হার্শেল গিবস, অ্যালবি মরকেল এবং তামিম ইকবালের মত তারকা খ্যাতি সম্পন্ন বিদেশি খেলোয়াড়রা। গত মার্চে পাকিস্তান সুপার এইট টি-টোয়েন্টি কাপে ফয়সালাবাদ উলভস দলকে শিরোপা এনে দেন এই মিসবাহ। মিসবাহ দলে যোগ দেয়ায় জুকস দলের কোচ ম্যাথিউ মেয়নার্ড বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে মিসবাহ’র অনেক অভিজ্ঞতা আছে। তাই তাকে দেখে দলের তরুণ খেলোয়াড়রা অনেককিছু শিখতে পারবে।’
মিসবাহ’র সাথে ভাগ্য ফিরেছে পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদিরও। ওয়েস্ট ইন্ডিজ সফর যেমন পাকিস্তান দলের প্রতি মুখ ফিরে তাকিয়েছে, তেমনি তাকিয়েছে আফ্রিদির দিকেও। ফর্মে ফেরার কারণে আসন্ন ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি।
বিদেশি খেলোয়াড়দের তালিকায় নাম না থাকলেও আগামী ৩০ জুলাই শুরু হতে যাওয়া সিপিএলে খেলার প্রস্তাব পাওয়ার কথা সেন্ট লুসিয়া থেকে নিশ্চিত করেছেন আফ্রিদি। তিনি বলেন, ‘আমি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি এবং দেখি তারপর কি হয়। তবে এ ধরনের বড় টুর্নামেন্টে খেলতে পারলে আমি খুশি হব। কারণ বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ক্যারিবীয় অঞ্চলে এই প্রথমবারের মত পেশাদার এই লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে।’
অধিনায়ক ড্যারেন সামির সুপারিশে সেন্ট লুসিয়া দল আফ্রিদিকে চুক্তির প্রস্তাব দেয়। সিপিএলের উদ্বোধনী আসরে মোট ছয়টি দল অংশ নিচ্ছে।
স্বাগতিক দলের বিরুদ্ধে জয়ী ওয়ানডে সিরিজেই পুনরায় পাকিস্তান দলে ফিরেছেন আফ্রিদি। জয়ী সিরিজে আফ্রিদি বল হাতে ১০ উইকেট শিকার করা ছাড়াও প্রথম ম্যাচে ব্যাট হাতে ৭৬ রানসহ দুটি ভাল ইনিংস খেলেছেন।
পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক জানান, শেষ পর্যন্ত দলের জন্য কিছু করতে পেরে তিনি খুশি এবং সিপিএলে খেলতে পারলে আসন্ন জিম্বাবুয়ে সফরের প্রস্তুতিতেও এটা সহায়ক হবে। তিনি বলেন, ‘এখন আমি আমার ব্যাটিংয়ের উপরই বেশী নজর দিচ্ছি কারণ আমি বুঝতে পারছি যে, আমার ভক্তরা ব্যাট হাতে আমার রান আশা করে।’
তিনি আরো বলেন, ‘আগেও বেশকিছু বছর দলের প্রয়োজনেই আমি বোলিংয়ের উপর বেশি নজর দিয়েছি। কিন্তু বর্তমানে ব্যাটিংটার উপরই আমি বেশি নজর দিচ্ছি এবং নেট অনুশীলনে বেশি সময় কাটাচ্ছি।’
ইতিমধ্যেই পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজ, ওপেনার আহমেদ শেহজাদ, শোয়েব মালিক বিভিন্ন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।-বাসস