নেপালে বিধ্বস্ত বাংলাদেশ

ফাইনালের স্বপ্ন ধূলিসাত্

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। কাঠমান্ডুতে গতকাল শনিবার তারা ৫-১ গোলের বিশাল ব্যবধানে হেরে গেছে স্বাগতিকদের কাছে। গত বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় নিশ্চিত হয়ে যায় ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী নেপালের মুখোমুখি হতে হবে টাইগারদের। তবে ম্যাচের আগে কোচ রেনে কেস্তার বলেছিলেন, কঠিন প্রতিপক্ষকে পেয়েও মোটেই ভীত নয় তার দল। হার-জিত যাই হোক না কেন ভালো লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তার দল। তবে ম্যাচ শুরু হবার সাথে সাথেই কেস্তারের সেই আশাবাদ মিইয়ে যেতে শুরু করে। স্বাগতিক দর্শকদের সামনে উজ্জীবিত নেপাল ম্যাচের শুরু থেকেই চেপে ধরে টাইগারদের। ম্যাচের অষ্টম মিনিটেই ফলও পেয়ে যায় তারা। সুজান লিম্বুর গোলে এগিয়ে যায় টুর্নামেন্টের গত আসরে তৃতীয় স্থান অধিকার করা দলটি। এরপর বিমল মাগার এবং অঞ্জন বিস্তার দুই গোলে প্রথমার্ধেই ম্যাচের ফল অনেকটা নিশ্চিত করে ফেলে তারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ফিরে আসার চেষ্টা করলেও বিকাশ থাপার গোলে উল্টো ৪-০ গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর ম্যাচের ৫৯ মিনিটে লিম্বু ম্যাচে তার দ্বিতীয় গোলটি করলে বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত হয়ে যায়। থেলার ৬৫ মিনিটে তুষার বাংলাদেশের পক্ষে সান্ত্বনার গোলটি করেন। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম আসরে গত বছরও এই নেপালের কাছে হেরেই তৃতীয় স্থান বঞ্চিত হয় বাংলাদেশ। এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের রানার্সআপ ভারত খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। গতকালই ম্যাচটি হয়ে যাওয়ার কথা ছিল। এই ম্যাচের পরাজিত দলের সাথে বাংলাদেশ আগামী ৩০ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। - বাংলা নিউজ