পুত্রের জন্মদিনে রাঁধুনী শেখ হাসিনা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২২:১৭
একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে নিজ হাতে পোলাও রান্না করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র প্রবাসী জয়ের জন্মদিন শনিবার। এবারের জন্মদিন মায়ের সরকারি বাড়ি গণভবনে ঘরোয়া পরিবেশে উদযাপন করেছেন তিনি।
জয়ের ফেইসবুক পাতায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তোলা একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী রান্নাঘরে রান্না করছেন। তিনি একহাতে কাঠের খুন্তি দিয়ে একটি পাতিলে মাংস নাড়ছেন, অন্যহাতে ওই পাতিলের আরেকটি অংশ ধরে রেখেছেন। সাদা শাড়ির ওপর একটি রান্নার অ্যাপ্রোন গায়ে জড়ানো প্রধানমন্ত্রী খোঁপা করা চুল আটকে রেখেছেন দুটি ক্লিপ দিয়ে।
ছবির ক্যাপশনে জয় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ-পোলাও রান্না করছেন। আমি যত পোলাও খেয়েছি, তার রান্নাই সবচেয়ে সেরা। মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও মেয়ে এবং বোন সায়মা হোসেন পুতুলের সঙ্গে ৪২তম জন্মদিন পালন করেছেন জয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় জন্ম হয় জয়ের, বিজয়ের পর তার নাম রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী পুত্র জয় নিজের ‘অফিসিয়াল’ ফেইসবুক পাতা চালু করেছেন এবং তাতে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন।
জয় বলেছেন, দেশে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন সত্যিই চমত্কার। স্ত্রী, মেয়ে এবং বোন ও ভাগ্নিরা সঙ্গে থাকলেও খালা শেখ রেহানা ও খালাত ভাই-বোনের অভাব বোধ করছেন বলেও জানিয়েছেন জয়।