হেফাজত নিজেরাই তাদের ১৩ দফা মানে না

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, হেফাজতের ১৩ দফা হেফাজতই মানে না। তারা বেপর্দা হয়ে ইফতার করে। অথচ তাদের প্রথম দফাই হলো নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করা। কিন্তু তারা নিজেরাই তা মানছে না। গতকাল শনিবার বিকালে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের তাত্পর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, গত ৪২ বছর ধরে ইসলামী দলগুলো ও ওলামায়ে কেরামরা ব্যবহার হয়ে আসছেন। প্রয়োজনে রক্ত ও জীবন দিচ্ছেন। কিন্তু ফল যাচ্ছে ঘুরে ফিরে ইসলামবিরোধী শক্তি ও পরীক্ষিত দুর্নীতিবাজদের হাতে। তিনি বলেন, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া, রাজনৈতিক ভিত্তি এবং সুনির্দিষ্ট কোন লক্ষ্য নেই কেবল তারাই জোটের রাজনীতির চর্চা করে। শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে জলাঞ্জলি দিয়ে বেপর্দা হয়ে একসাথে ইফতার করে। ইসলাম কারো কাছে মাথা নত করে না। তাগুত ও ইসলামবিরোধী শক্তির সাথে আপোষ করে কখনো ইসলাম হয় না। দলের নগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আতাউর রহমান আরেফী, আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।