শ্রম অধিকার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করবে ঢাকা-ওয়াশিংটন

বাংলাদেশের শ্রম অধিকার ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে ঢাকা এবং ওয়াশিংটন একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মিশেল ফোরম্যান এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের এক বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তরের (ইউএসটিআর) এক সংবাদ বিবৃতিতে একথা জানানো হয়েছে। ইউএসটিআরের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তর এবং শ্রমদপ্তর শ্রমকিদের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের গৃহীত কর্মপরিকল্পনার বিষয়ে আলোচনা করবে। বৈঠকে ফোরম্যান বলেন, কোন শ্রমিককে মৃত্যুঝুঁকিতে রাখা যাবে না। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আন্তর্জাতিক শ্রমসংস্থা শ্রমিকদের নিরাপত্তার জন্য যে কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা দেবে বলেও জানান ফোরম্যান।