না’গঞ্জে মাঝিদের মারধরের প্রতিবাদে ৩ ঘণ্টা নৌ চলাচল বন্ধ
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২২:২২
নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় শনিবার সকালে তিন ঘণ্টা খেয়া ও ইঞ্জিন চালিত নৌ পারাপার বন্ধ থাকায় লোকজনদের চরম ভোগান্তির শিকার হতে হয়। খেয়া ঘাটের ইজারাদারের সঙ্গে সিটি করপোরেশনের জায়গায় বালু রাখা ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জের ধরে তিন ঘণ্টা সকল ধরনের খেয়া পারাপার বন্ধ করে দেয়া হয়। ঐ সময়ে কয়েকজন মাঝিকে মারধরের অভিযোগ উঠে।
শনিবার সকাল ১০টায় ঘাটের পাশের বালু রাখার স্থানে কয়েকটি নৌকা ভিড় করার কারণে ঘাটের কয়েকটি নৌকার মাঝিকে মারধর করা হয়। এনিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সকল নৌকা, খেয়া ও ইঞ্জিন চালিত ট্রলার চলাচল বন্ধ করে দেয় ইজারাদার। ঐ সময়ে প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে ঘাটের দুই পাশে শত শত মানুষ আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হয়। বেশ কয়েকজন রোগীকেও কাতরাতে দেখা যায়।
নারায়ণগঞ্জ নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ পুলিশের এস আই নজরুল ইসলাম জানান, আজ রবিবার সকালে সিটি করপোরেশন এর নগর ভবনে দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি ফয়সালার আশ্বাস দিলে উভয় পক্ষ শান্ত হয়।