পাবনায় নদীতে ডুবে দুই
বোনের মৃত্যু
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২২:২৪
পাবনার আটঘরিয়া উপজেলাধীন আতাইকুলা থানার দুলামপুর গ্রামে চিকনাই নদীতে ডুবে সোমা ও রুমী নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এর মধ্যে ৭ বছর বয়সী সোমা’র মৃতদেহ উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে চার বছর বয়সী রুমী। তাদের বাবার নাম রফিকুল ইসলাম রফিক।
আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা আক্তার জানান, সকালে বাড়ি সংলগ্ন চিকনাই নদীর কিনারে পাটখড়ি কুড়াতে গিয়ে অসাবধানতাবশত: স্রোতের টানে পানিতে তলিয়ে যায় দুই বোন। পরে এলাকাবাসী ও স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর প্রায় দুই কিলোমিটার ভাটি থেকে সোমার মৃতদেহ উদ্ধার করে। এখনও নিখোঁজ রয়েছে ছোট বোন রুমী। এ রিপোর্ট লেখা (বিকাল ৫টা) পর্যন্ত তার সন্ধানে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে স্বজন ও এলাকাবাসী।