রামগঞ্জে ফেনসিডিলসহ ছাত্রদল ও ছাত্রলীগের দুই নেতা আটক

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা পুলিশ শনিবার দুপুরে পৌর টামটা গ্রামের একটি বাড়ি থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি বিল্লাল হোসেন বাবু (২৬) ও পৌর ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি আসিফ বিন জাহাঙ্গীর অপুকে (২৩) আটক করেছে। রামগঞ্জ থানার এস আই (উপ-পরিদর্শক) শেখ শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে রামগঞ্জ পৌর শহরের টামটা গ্রামের আমির হোসেনের রাইস মিল সংলগ্ন সাজুর বাড়ি থেকে রামগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু ও রামগঞ্জ পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আসিফ বিন জাহাঙ্গীর অপুকে ১৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। দিনাজপুরে মাদকদ্রব্যসহ ২ মহিলা আটক দিনাজপুর অফিস জানায়, দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় নেশা জাতীয় ১ হাজার ৭শ পিস প্যাথেডিন ও ওপেকাপ ইনজেকশন এবং ২৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ২ মহিলাকে আটক করা হয়েছে। দিনাজপুরের হাকিমপুর থানার অফিসার্স ইনচার্জ আহসান আহমেদ জানান, শুক্রবার ভোরে র্যাব সদস্যদের একটি টিম হিলি সীমান্তের সিপি রোডে সোহিলী আক্তার (২৪) ও ফরিদা বেগম (২৭) নামে ২ মহিলাকে আটক করে। ঐ ২ মহিলার শরীরে জড়ানো অবস্থায় ১ হাজার ৭শ পিস প্যাথেডিন ও ওপেকাপ ইনজেকশন উদ্ধার করা হয়। ঐ ২ জনকে দুপুরে হাকিমপুর থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে। অপরদিকে শুক্রবার সকালে হিলি সীমান্তের বালুরচর নামক স্থানে কয়েকজন চোরাচালানীকে ধাওয়া করলে তারা ৪টি পোটলা ফেলে পালিয়ে যায়। ঐ পোটলা থেকে ২৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।