চাষাঢ়া স্টেশনে যাত্রীদের হামলায় মাস্টারসহ আহত ৪

শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের ট্রেন সন্ধ্যা সোয়া ৬টায় কমলাপুর স্টেশন ছেড়ে নারায়ণগঞ্জ আসার পথে অহেতুক বিলম্বের কারণে দুর্ভোগে পড়া যাত্রীরা ওই ট্রেন ভাংচুর ও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া স্টেশনে হামলা চালিয়েছে। এতে আহত হয়েছে স্টেশন মাস্টারসহ অন্তত ৪ জন। যাত্রীদের অভিযোগ, এক ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়ার পর কয়েকটি স্টেশন ছাড়াও অন্য স্থানে অহেতুক বিলম্ব করায় অনেক রোজাদার ইফতার করতে পারেনি। নিত্যদিনের এ সমস্যার ক্ষেভ থেকেই শনিবার এ হামলার ঘটনা ঘটেছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ২২২৩ নম্বর ট্রেনটির বিকেল ৫ টা ২০ মিনিটে ছেড়ে আসার কথা থাকলেও ট্রেনটি এক ঘণ্টা দেরিতে অর্থাত্ সোয়া ৬টায় ছেড়ে আসে। এসময় ট্রেনটি বিভিন্ন স্টেশনে অহেতুক বেশি সময় যাত্রাবিরতি দেয়। এ কারণে ট্রেনটি ৭টার দিকে চাষাঢ়া রেলস্টেশনে এসে পৌঁছায়। ইফতারের সময় চলে যাওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনটি থামার পর ট্রেনের সামনের দিকের জানালার গ্লাস ভাংচুর করে। এসময় তারা ট্রেনটির চালক নজরুল ও সহকারী চালক রউফকে বেধড়ক পিটুনি দেয়। পরে যাত্রীরা স্টেশন মাস্টার ও টিকিট কাউন্টারের কক্ষেও হামলা চালায়। এসময় স্টেশন মাস্টার আমির হোসেন ও মেকানিক মোতালেব আহত হয়। চাষাঢ়া স্টেশন মাস্টার আমির হোসেন জানান, ট্রেনটির জয়েন্টে কিছু টোকাই বসে ভ্যাকুয়াম জয়েন্ট ও চেয়ার কলাপসিবল ক্লিপের তার ছিঁড়ে ফেলেছিল। এ কারণে ট্রেনটি ধীরে চালাতে হয়েছিল। যার ফলে দেরি হয়েছিল।