বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারীর ১০ গ্রাম জোয়ারে প্লাবিত
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:১৬
বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারী উপজেলায় বেড়িবাঁধ ভেঙ্গে ১০টি গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চিত্রা নদীর দুই পাড়ে দুই কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নির্মাণ না করায় পানিবন্দি মানুষ মানবেতর জীবন-যাপন করছে। প্রবল বর্ষণ আর চিত্রা নদীর জোয়ারের পানিতে ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে পুটিয়া, গুড়গুড়িয়া, গোয়ালবাড়ী, উজলপুর এবং চিতলমারী উপজেলার আরুলিয়া, ডুমুরিয়া, নগরমান্দা, দত্তডাঙ্গা, খিলগাতী, করাতেরদিয়া, রায় গ্রামসহ অনেক গ্রাম তলিয়ে গেছে। জোয়ারের পানিতে বাড়িঘর,পুকুর ঘাট এমনকি রান্নাঘর, গোয়াল ঘরে ওঠেছে পানি। গবাদিপশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। চিত্রা নদীর দুই পাড়ের গ্রামগুলো রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ না করায় জোয়ারের পানি বাড়লেই ১০টি গ্রাম তলিয়ে যায়। ২/৩ বেলা চিড়া, মুড়ি খেয়ে জীবন-যাপন করতে হয় গ্রামবাসীর।