রংপুর ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
রংপুর প্রতিনিধি ও দিনাজপুর অফিস
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:১৭
রংপুর ও দিনাজপুর সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। ইত্তেফাক সংবাদদাতারা এ খবর জানিয়েছেন।
রংপুরে ঈদের বাজার করতে গিয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রংপুর-বদরগঞ্জ সড়কের নয়ারহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বালুরচড়া গ্রামের আশরাফ আলী গতকাল তার স্ত্রী লাবণী বেগম (২১) ও ৮ মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য নয়ারহাট নামের এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এদিকে দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত শুক্রবার দিনাজপুর-পার্বতীপুর পাকা রাস্তার আমতলী নামক স্থানে ট্রাকের ধাক্কায় ২ জন পথচারী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত ২ জনকে উদ্ধার করে শুক্রবার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার চিকিত্সাধীন অবস্থায় ওই দুইজন মারা যান। নিহত ২ জনের মধ্যে একজন চিরিরবন্দর উপজেলা সাহাপুর গ্রামের নবিউল ইসলামের স্ত্রী হাবিবা (৩৫) এবং অপরজনের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। নিহত ২ জনের ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে হিলি থেকে দিনাজপুরে আসার পথে গতকাল মালবোঝাই ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে একটি মাইক্রোবাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সৌদি প্রবাসী নিহত
হোসেনপুর সংবাদদাতা জানান, প্রবাসী মো:জসিম উদ্দিন (৩৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত ২১ জুলাই সৌদি আরবে নিহত হয়েছেন। কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকায় দক্ষিণ ঢেকিয়া গ্রামের জসিম উদ্দিন সৌদি আরবের আবা এলাকায় শ্রমিক হিসাবে কাজ করতেন।