চট্টগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ওয়ার্ড কাউন্সিল মুলতবি
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:১৭
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের পর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিল মুলতবি হয়ে গেছে। এ সময় দুইপক্ষের মধ্যে চেয়ার ছুঁড়াছুঁড়ি ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সম্মেলনস্থলসহ আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, গতকাল শনিবার বিকালে গোসাইলডাঙ্গা এলাকায় বারিক মিয়া হাইস্কুল প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি বক্তৃতা দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সম্মেলনে কিছু নেতাকর্মী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন ও অপর যুগ্ম-সম্পাদক খোরশেদ আলম সুজনের পক্ষে পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানা যায়, ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের জন্য ৬০ জনকে কাউন্সিলর করা হয়। কাউন্সিলরের তালিকায় স্থান না পাওয়া বঞ্চিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়। সংঘর্ষের পর দ্বিতীয় অধিবেশন শুরু হলেও কমিটি নির্বাচন ছাড়াই মুলতবি ঘোষণা করেন নেতারা।