দিনাজপুরে ট্রেনে পাথর নিক্ষেপের প্রস্তুতিকালে ৫ শিবিরকর্মী আটক

রাজশাহী থেকে পার্বতীপুর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে নাশকতা কর্মকাণ্ড সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের প্রস্তুতি গ্রহণকালে পাথরের বস্তাসহ ৫ জনকে রেলওয়ে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় রাজশাহী থেকে পার্বতীপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছবার পূর্বেই হলদিবাড়ী নামক স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ট্রেনে পাথর নিক্ষেপের জন্য অবস্থান করছিল। বিষয়টি অবগত হয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ৫ জন নেতা-কর্মীকে ১ বস্তা পাথরসহ আটক করে। আটক জামায়াত-শিবিরের নেতা-কর্মী হলো মাজেদুর রহমান (২৮), মকছেদুর রহমান (৪৮), আফতাব হোসেন (৪২), আতোয়ার হোসেন (২২) ও জালাল আহমেদকে (২৩) ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ৫ জন স্বীকার করেছে তারা ট্রেনের যাত্রীর মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করতে পাথর নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেছিল। এই ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।