পদ্মায় পানি বৃদ্ধি
মাওয়ায় তীব্র স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:১৮
পদ্মায় পানি বৃদ্ধির সাথে তীব্র স্রোত থাকায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে উভয় পাড়ে কমপক্ষে ৩শ’ যান আটকা পড়েছে। সৃষ্টি হয়েছে যানজট। রমজানে যাত্রী সাধারণ পড়েছে অবর্ণনীয় ভোগান্তিতে।
শনিবার রাত ৮টায় বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ম্যানেজার সিরাজুল হক জানান, স্রোত এবং একই সাথে বৃষ্টি ও বাতাস। তাই ফেরিগুলোর গন্তব্যে আসতে আধাঘন্টা থেকে পৌনে এক ঘন্টা বেশি সময় লাগছে। ২টি রো রোসহ ১৩টি ফেরি চলাচল করা সত্ত্বেও উভয়পাড়ে যানজট সৃষ্টি হয়েছে। কাওড়াকান্দি পাড়ে বেশি নাজুক অবস্থা। ওপার থেকে মাওয়ায় আসতে ফেরিগুলোর সময় বেশি লাগছে। এই রিপোর্ট লেখার সময় মাওয়ায় ১২৫ ও কাওড়াকান্দিতে অন্তত ১৭৫ যান আটকা পড়েছে। এদিকে লঞ্চ ধর্মঘটের কারণে ফেরিতে সাধারণ যাত্রীদের চাপ বেড়েছে।
বিআইডব্লিউটিএ’র মেরিন অফিসার একেএম শাজাহান জানান, ২৪ ঘন্টায় এখানে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি ছাড়াও স্রোত বেড়েছে। আর বৃষ্টির কারণে ঘাট পিচ্ছিল হওয়ায় যানবাহন ফেরিতে উঠা-নামায় বেশি সময় ব্যয় হচ্ছে।