স্বরূপকাঠিতে আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠানে সংঘর্ষে আহত ১৫

জেলার স্বরূপকাঠিতে পৌর আওয়ামী লীগের ইফতার পার্টিতে এক সংঘর্ষে জলাবাড়ী অঞ্চলের দাদাবাবু খ্যাত আশীষ বড়ালসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আশীষকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সার পর বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনাসভার শুরুতেই এ সংঘর্ষ ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা চেয়ারম্যান মুইদুল ইসলামের প্রতিপক্ষ আশীষ বড়াল (দাদাবাবু) ইফতার অনুষ্ঠানে গেলে চেয়ারম্যানের সমর্থকরা তার ওপর হামলা করে। এ সময় মঞ্চে উপস্থিত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমসহ উপস্থিত নেতৃবৃন্দ হামলাকারীদের নিবৃত্ত করতে ব্যর্থ হন। পরে পুলিশ এসে হামলাকারীদের হাত থেকে আশীষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনাসভা শুরু হয়।