মহাসড়কে চাঁদাবাজির প্রতিবাদ
দ্রব্যমূল্য মনিটরিং কমিটির সদস্য হেলাল উদ্দিনের পদত্যাগ
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:২০
সড়ক-মহাসড়কগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার কতিপয় অসাধু কর্মকর্তার চাদাবাজির প্রতিবাদে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত দ্রব্যমূল্য মনিটরিং কমিটির সদস্য পদ ও এফবিসিসিআই দ্রব্যমূল্য মনিটরিং কমিটির কনভেনরের দায়িত্ব হতে পদত্যাগ করেছেন এফবিসিসিআইর সহ-সভাপতি হেলাল উদ্দিন। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় বরাবর পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, দেশের রপ্তানিকারক ও ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন করে পবিত্র রমজান মাসে ভোক্তা সাধারণের সুবিধার্থে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি অথচ সড়ক-মহাসড়কগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার কতিপয় অসাধু কর্মকর্তার চাঁদাবাজির কারণে তা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাছাড়া পৃথিবীর অন্যান্য দেশের মতো পণ্য পরিবহনে ব্রান্ডিংয়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আমি আলোচনা করেছি; কিন্তু তিনি আশ্বাস প্রদান করলেও এখনো কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তিনি আরো উল্লেখ করেছেন, এবারের রমজানসহ অন্যান্য মাসে ভোগ্যপণ্য/ কাঁচা শাক-সবজি পরিবহনে চাঁদাবাজি/ হয়রানির বিষয়টি হাইওয়ে পুলিশ যাতে অগ্রাধিকার ভিত্তিতে অতীব গুরুত্ব সহকারে দেখে, সে বিষয়ে এফবিসিসিআইয়ের পক্ষ হতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছিল; কিন্তু এর পরেও গণ মাধ্যমগুলোতে চাঁদাবাজির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়গুলো উঠে এসেছে।