মোদিকে নিয়ে মন্তব্য

ক্ষমা চাইবেন না অমর্ত্য সেন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ মোদিকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল শনিবার এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। মোদিকে কেন প্রধানমন্ত্রী পদে দেখতে চান না এমন এক প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, সবার আগে তাঁকে আরও বেশি ধর্মনিরপেক্ষ হতে হবে। সংখ্যালঘু সমপ্রদায় যাতে নিজেদের আরও নিরাপদ ভাবতে পারে, তাকে সে রকম কিছু করতে হবে। মোদিকে নিয়ে দেয়া বক্তব্যের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে অমর্ত্য সেন বলেন, এ বিষয়ে কথা বলাটা তাঁর মৌলিক অধিকার। সংখ্যাগরিষ্ঠ সমপ্রদায়ের সদস্য হিসেবে সংখ্যালঘুদের ভীতির বিষয়ে কথা বলা তাঁর দায়িত্বও বটে। সমপ্রতি টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএনকে দেয়া এক সাক্ষাত্কারে অমর্ত্য সেন বলেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান না। তিনি মোদির গুজরাট মডেলেরও সমালোচনা করেন। এ নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। তার মন্তব্যে বিজেপির মধ্য থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। তাকে দেয়া ভারত রত্ন পদক কেড়ে নেয়ারও দাবি তোলেন বিজেপির এক এমপি। রাজনৈতিক নেতাকে নিয়ে এই বক্তব্যের জন্য অমর্ত্য সেনকে ক্ষমা চাইতেও বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়, যা প্রত্যাখ্যান করলেন এই নোবেল বিজয়ী। ২০০২ সালে গুজরাটে দাঙ্গায় প্রায় দুই হাজার মুসলমান নিহত হন, যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির নরেন্দ মোদির উস্কানি ছিল বলে বলা হয়ে থাকে। মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে ভারতের আগামী নির্বাচনের প্রচার শুরু করতে যাচ্ছে এখনকার বিরোধী দল বিজেপি।