দুই বাংলাদেশির নামে কানাডায় রেড এলার্ট

দুই বাংলাদেশি ইমাম আলী এবং খোকন আসলাম কানাডার বর্ডার সার্ভিস এজেন্সির (সিবিএসএ) রেড এলার্টে রয়েছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের কথা উল্লেখ করা হয়েছে। তবে তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধী কিনা সেই তথ্য জানা যায়নি। একাধিক ওয়েব সাইটে ওয়ান্টেড লিস্টে তাদের দু’জনের সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, আলী ও আসলামের বিরুদ্ধে কানাডা থেকে বহিষ্কার আদেশ রয়েছে। কারণ, তাদের বিরুদ্ধে মানবাধিকার লংঘন ও যুদ্ধাপরাধে জড়িত থাকাসহ আন্তর্জাতিক আইন লংঘনের অভিযোগ রয়েছে। জানা গেছে, ইমাম আলীর জন্ম ১৯৫২ সালের ১২ নভেম্বর আর খোকনের জন্ম ১৯৬৬ সালের ১৭ জুলাই। তারা দু’জনেই মন্ট্রিয়লের অধিবাসী হিসাবে উল্লেখ করা হয়। আলী ইমামের একাধিক নাম রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওয়েব সাইডে। এই তালিকার ২৫ জনের মধ্যে ২ জন বাংলাদেশি। এ ব্যাপারে অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে দূতাবাস জানায়, কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে কোন তথ্য দেয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে আত্মগোপনে থাকা ইমাম-খোকনের বিষয়ে দূতাবাসকে অবগত করা হয়েছে। যাতে ভ্রমণের ক্ষেত্রে তারা কোন সহযোগিতা না পায়।