সংকটের দেয়াল ভেঙ্গে সমঝোতার সেতু তৈরি করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটের দেয়াল ভেঙে সমঝোতার ব্রিজ তৈরি করুন। কাজের লোক যে দলের হোক তাকে ভোট দিন, নতুবা ভোট দিয়ে লাভ নেই। এ দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অসমাপ্ত বাকি কাজগুলো আগামী নির্বাচনে নির্বাচিত হলে শেষ করবো। জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট বি জামান উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার সকালে ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দুর্যোগ দিয়ে রাজনীতিবিদদের ভাবতে হবে। তাতে রাজনৈতিক দুর্যোগ থাকবে না। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রাজনীতি করার দরকার নেই। মেধাবী ও শিক্ষিত ব্যক্তিদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি নূর নবী হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন প্রমুখ। পরশুরাম (ফেনী) সংবাদদাতা: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মন জয় করে ক্ষমতায় যেতে হবে। ভুল হয়ে থাকলে ধৈর্য ধরে ভুল সংশোধনে নিতে হবে পদক্ষেপ। এখন ভালো আচরণ করে মানুষকে খুশি করা হচ্ছে আমাদের কাজ। ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে গতকাল সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।