ইতিহাসের সবচেয়ে বর্বর শাসন চলছে
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:৩১
গতকাল এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান আওয়ামী সরকারের শাসনামলকে ইতিহাসের সবচেয়ে বর্বর শাসনামল হিসেবে আখ্যা দিয়ে বলেন, সরকার দেশ থেকে সকল রাজনৈতিক দল ও মতকে নিশ্চিহ্ন করে কেবল নিজেদের শাসনকে চিরস্থায়ী রূপ দেয়ার জন্যই মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের ওপর কুঠারাঘাত অব্যাহত রেখেছে। বর্তমান সরকার বিরোধীদলের শান্তিপূর্ণ যেকোন কর্মসূচির ওপর সন্ত্রাসী হামলা ছাড়াও ইফতার মাহফিলের মত একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের ওপর হামলা এবং আহত করার মাধ্যমে তাদের ফ্যাসিবাদী রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মির্জা আলমগীর বলেন, কলাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে যাওয়া নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা সরকারের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।
তিনি বলেন, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিতে যাবার পথে শুক্রবার সরকার দলীয় ক্যাডারদের হামলায় যুবদল নেতা তোফাজ্জল, জসীম, মাসুদ, রহমান, ইউসুফ, জাহাঙ্গীর এবং ছাত্রদল নেতা হুমায়ুন, জাকির, আনোয়ার, সবুজ, রিয়াদ, সজিব, সুজন, রুবেল, জাহিদ, শুভ, নজরুল, শিমুল, হাবিব, করিম ও সুমনসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে যুবদল নেতা তোফাজ্জলকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে গতকাল কলাপাড়ায় সংঘটিত সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। মির্জা আলমগীর আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।