নোয়াখালীতে টর্নেডোতে আহত ১০, লণ্ডভণ্ড ২৫ বাড়ি
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:৩১
জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্লুকিয়া গ্রামে গতকাল শনিবার ভোরে টনের্ডোর আঘাতে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় ২৫টি বাড়ি লণ্ডভণ্ডসহ ১০টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া গ্রামের অধিকাংশ গাছপালা ভেঙ্গে উপড়ে গেছে। আহতদের মধ্যে আছিয়া বেগম (৪০), শরিফা খাতুনকে (৩৮) স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, টনোর্ডোতে ৩০টি পরিবার সম্পূর্ণ ও আরো ১০টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে তারা মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে তাত্ক্ষণিকভাবে ৫ হাজার টাকা করে ইউনিয়ন পরিষদ তহবিল থেকে সাহায্য প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পরিতোষ হাজরা ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, ক্ষতির পরিমাণ নির্ধারণের পর ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য প্রদান করা হবে।