মেক্সিকোতে আটক ৯ বাংলাদেশিকে ফেরত আনার উদ্যোগ

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে মেক্সিকোর পুলিশ নয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তাদের নিরাপদে দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। গত বুধবার যুক্তরাষ্ট্রে অনুপ্রেবেশের সময় বিভিন্ন দেশের ৯৪ জনকে আটক করে মেক্সিকো পুলিশ। এদের মধ্যে নয়জন বাংলাদেশির নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছে বাংলাদেশ দূতাবাস। মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ তাদের ‘কনস্যুলার একসেস’ দিতে বাংলাদেশ দূতাবাসকে অনুমতি দিয়েছে। এরপর এই নয়জনকে দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করবে বাংলাদেশ মিশন। মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ আটক নয় বাংলাদেশির সঙ্গে ভাল আচরণ করবে ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেবে। মেক্সিকোর চিয়াপাস স্টেটের তুসলা গুটিরেজ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় নয় বাংলাদেশি আটক হয়। তাদের সঙ্গে নেপাল, গুয়েতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরের নাগরিকও রয়েছে। আটক ৯৪ জন একটি ট্রাকে গাদাগাদি করে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছিলেন। আটক নয় বাংলাদেশি হলেন- জাকির হোসেন, নূর ইসলাম, আহরাম মো. হাবিব, আবুল বাসার, গণদ্রজ সাহা, নমুল হুদাম, দিদারুল আলম, মো. খালেক ও নিয়াজ মোরশেদ।