বিএনপি-জামায়াত জোটের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:৩৮
ধর্ম নিয়ে মিথ্যা প্রচারে সাময়িকভাবে বিভ্রান্ত হলেও এদেশের মানুষ আগামী নির্বাচনে অসামপ্রদায়িক গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখবে। বিএনপি-জামায়াত জোটের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না।
গতকাল শনিবার সকাল ১০টায় চকরিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি পার্টির জেলা কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত তাদের অসত্ উদ্দেশ্য গোপন রাখতে ধর্মের জিগিরে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার ষড়যন্ত্র করে চলেছে। এ ক্ষেত্রে তাদের মূল লক্ষ্য যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করা করা, বিচারের রায় কার্যকর করতে না দেয়া।
মেনন বলেন, এ সরকারের মেয়াদকালেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবে। দেশের সামপ্রতিক পরিস্থিতি সম্পর্কে মেনন বলেন, বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে ভুল করেছে ঠিকই, কিন্তু কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বিধানের ক্ষেত্রে দেশকে বহুদূর এগিয়ে নিয়ে গেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে।
জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী বশিরুল আলমের সভাপতিত্বে ও জেলা ছাত্রমৈত্রীর নেতা ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য চট্রগ্রাম জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এডভোকেট আবু হানিফ।