বাউবির পরীক্ষায় নকলে সহযোগিতা
আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে প্রভাষকসহ ১০ জনের বিরুদ্ধে জরিমানা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:৩৮
উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে বগুড়ার আদমদীঘি রহিমউদ্দীন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে নকল করার জন্য ৮ পরীক্ষার্থীকে এবং এতে সহযোগিতা করার দায়ে আটক প্রভাষক ও প্রদর্শককে ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষা আইনে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।
পুলিশ জানায়. কলেজের সমাজকল্যাণ বিষয়ের প্রভাষক ইয়াছিন আলী ও কম্পিউটার প্রদর্শক আব্দুল মান্নানকে ২৫ হাজার টাকা করে এবং ৮ জন পরীক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। গত শুক্রবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় দেন।
গত শুক্রবার বাউবির অধীনে এইচএসসি ও স্নাতক পরীক্ষায় আদমদীঘি রহিমউদ্দীন ডিগ্রি কলেজ কেন্দ্রে নকল করার সময় ও এতে সহযোগিতা করার অভিযোগে কেন্দ্র থেকে ওই প্রভাষক ও প্রদর্শকসহ ৯ জন পরীক্ষার্থীকে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর আটক করে পুলিশে সোপর্দ করেন।