বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাবে

সদ্য ঘোষিত কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির সীমা হ্রাস করায় এ খাতে বিনিয়োগ কমে যাবে বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির সীমা বিগত বছরের ১৮ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ১৬ শতাংশে নির্ধারণ করা হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় নতুন মুদ্রানীতি ঋণ প্রবাহ আরো বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে ঢাকা চেম্বার। এতে বলা হয়, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উত্পাদনশীল খাতের উত্পাদন বাড়ানো প্রয়োজন। এজন্য প্রয়োজন অধিক হারে বিনিয়োগ ও অর্থায়ন। বেসরকারি খাতে ঋণের বিপরীতে সুদের হার হ্রাস করা না হলে ঋণের প্রবাহ বৃদ্ধি পাবে না এবং ব্যাংকগুলোতে পড়ে থাকা অলস অর্থ বিনিয়োগে ব্যয় হবে না।নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ হ্রাসের ফলে ৭ দশমিক ২ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না বলে উল্লেখ করা হয়েছে। অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ ২৬শ’ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা যাতে কোনভাবেই অতিক্রম না করে সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা রাখার তাগিদ দিয়েছে ডিসিসিআই।