ঈদ বাজার

মনোয়ারার ‘রাজকন্যা’

ছোটবেলা থেকে সেলাই প্রিয় মনোয়ারা খানম। খুব অল্প বয়স থেকেই সেলাই শেখার আগ্রহ ছিল খুব বেশি। সবসময় সেলাই সম্পর্কিত নানা প্রশ্ন তার মনে থাকত। ছাত্রজীবনে পড়ালেখার পাশাপাশি এক সময় সেলাই পারদর্শী হয়ে ওঠেন। মাঝে মাঝে পরিচিতদের সেলাইয়ের কাজ করে দেয়ার বিনিময়ে অর্থ পেতে শুরু করেন। আর্থিক অবস্থা সম্পন্ন পরিবারের মেয়ে হওয়ার কারণে তাকে পরিবার থেকে সবসময় একাজে বাধা দেয়া হতো। আর তখন মনোয়ারা তাদেরকে বুঝাত ধনী কিংবা দরিদ্র কারও বসে থাকা ঠিক না। তিনি তার বন্ধুমহল এবং আড্ডার সব জায়গায় সৌখিন কালচারাল পোশাকের ডিজাইন ও সেলাই নিয়ে গল্প করতেন। এক সময় বিভিন্ন ডিজাইন, কারুকার্য ও সেলাই তার নেশার মত হয়ে যায় এবং সেই নেশা থেকে পেশা। মনোয়ারা আজ সফল ব্যবসায়ী। তবে এই জায়গায় আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মনোয়ারার। মেধা ও পরিশ্রম দিয়ে তিনি সব বাধা অতিক্রম করেছেন। দীর্ঘ ২০ বছর তিনি কর্ণফুলী গার্ডেন সিটির ৪র্থ তলায় সমস্ত নারী পোশাকের ভাণ্ডার ‘রাজকন্যা’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন। ব্যবসায়ী মনোয়ারার কাছে তার ব্যবসায় সাফল্যের কথা জানতে চাইলে তিনি বলেন, সবাই সফল হতে চায়। নিজে সফল হওয়ার পর যখন মানুষ প্রশংসা করে তখন আমার খুব ভালো লাগে। দেশের বাইরে অনেক জায়গায় যাচ্ছি। বিভিন্ন পুরস্কার পাচ্ছি। সব মিলিয়ে খুব উপভোগ করছি। তিনি আরো বলেন, এদেশে পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করে যেতে চাই। সত্ভাবে ব্যবসা করে আমার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী প্রজন্মের নারীদের উদ্দেশ্যে বলব যে বিশ বছর আগে এই ব্যবসা প্রতিষ্ঠানে আসা নিয়ে আমাকে এই মার্কেটে যেভাবে দেখা হতো আজ আর সেই অবস্থা নেই। সময় বদলেছে। বদলেছে মানুষের চিন্তাধারা। তাই বলব, এই প্রজন্মের একটি মেয়েও যেন বসে না থাকে। সবাইকে কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে। মনোয়ারা তার ব্যবসা প্রতিষ্ঠান নিজেই চালান। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা করে সময় দেন তার প্রতিষ্ঠানকে। বাসায় ফিরতে মাঝে মাঝে রাত হয়। ঘুরে ঘুরে প্রতিষ্ঠান দেখেন এবং সবার সাথে খুব হূদতাপূর্ণ আচরণ করেন। তার স্টাফ, কর্মচারী, কাস্টমার সবাই তাকে খুব পছন্দ করেন। তবে এবার ঈদে বিক্রি হচ্ছে মোটামুটি। এবার ঈদ বেশি আকর্ষণীয়, বর্ণিল ও আনন্দময় করতে ব্যবসায়ী মনোয়ারা নারী পোশাক ভাণ্ডার ‘রাজকন্যা’ আয়োজন করেছে সালোয়ার-কামিজ ও থ্রি-পিসের বৈচিত্র্য। পাকিস্তানী শাড়ী, লেহেঙ্গা, মসলিন ও রাজশাহীর সিল্কের গর্জিয়াস শাড়ী, ভারতের সালোয়ার-কামিজ ও শাড়ী ইত্যাদি। ব্যক্তিজীবনে দুই ছেলের মা মনোয়ারা ব্যবসায়ী স্বামী নিয়ে সুখী জীবন-যাপন করছেন।