তারকা মিছিলে ঈদের নাটক
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২০:২৬
মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ এবার আসছে টেলিভিশনের পর্দায়। নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন নির্মাণ করেছেন এ ধারাবাহিকটি। এই প্রথম কিশোরদের জন্য এ ধারার নাটক বাংলাদেশে কোনো টেলিভিশনে উপস্থাপিত হচ্ছে।
টেলিভিশনে ‘ছোট কাকু’র প্রচার উপলক্ষে শিশু কিশোর ও যুব সংগঠন চাঁদের হাট গত ২৭ জুলাই সকালে বাংলাদেশ শিশু একাডেমী চত্বরে এক ব্যতিক্রমী আলোচনা ও রাজপথে তারকাদের মিছিলের আয়োজন করে। আলোচনায় অংশ নেন উপন্যাসের রচয়িতা ফরিদুর রেজা সাগর, নাটকটির নির্মাতা ও ‘ছোটকাকু’ চরিত্রে অভিনেতা আফজাল হোসেন, রফিকুল হক দাদু ভাই, শাহ আলমগীর, রেজানুর রহমান, আবদুর রহমান, আমীরুল ইসলাম, জামিউর রহমান লেমন, ফারজানা ব্রাউনিয়া, কোনাল। সভাপতিত্ব করেন আলী ইমাম। আলোচকরা ‘ছোটকাকু’র মতো একটি চরিত্র তৈরির জন্য লেখককে এবং এটি টেলিভিশনের পর্দায় তুলে আনার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানান। ‘ছোটকাকু’ চরিত্রটি কিশোরদের জন্য একটি আদর্শ চরিত্র হয়ে বেঁচে থাকবে বই এবং টেলিভিশনের পর্দায় সবসময় বিচরণ করবে এই আশা ব্যক্ত করেন সবাই। আলোচনা অনুষ্ঠানে এবং আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় চাঁদের হাটের নবীণ-প্রবীণ প্রায় তিন শতাধিক সদস্য। আনন্দ শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, রফিকুল হক দাদু ভাই প্রমুখ। উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় চাঁদরাত থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সম্প্রচার হবে রহস্য গল্পের ধারাবাহিক ‘ছোট কাকু’।
নাট্যরূপ দিয়েছেন শেখ আবদুল হাকিম। এ ধারাবাহিকের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন—জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ।