একুশে টিভির সাংবাদিককে যথাযথ চিকিত্সা দিতে হাইকোর্টের নির্দেশ

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে দায়িত্ব পালনকালে হামলার শিকার বেসরকারি টিভি চ্যানেল একুশে’র সাংবাদিক নাদিয়া শারমিনকে সরকারি হাসপাতালে বিনামূল্যে যথাযথ ও পর্যাপ্ত চিকিত্সাসেবা নিশ্চিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন এবং বোর্ডের পরামর্শ অনুসারে প্রয়োজনে বিদেশে তার বিনামূল্যে চিকিত্সাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এছাড়া ওই ঘটনায় করা মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এক সপ্তাহের মধ্যে গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করতে আইজিপি ও গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে। আদালতের এই অন্তর্বর্তীকালীন আদেশ বাস্তবায়নের অগ্রগতি তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া একুশে টিভির এই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ীদের খুঁজে বের করে আদালতে হাজির করার কেন নির্দেশ দেয়া হবে না—এই মর্মে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘ভাঙ্গা পা নিয়ে বিছানায় সাংবাদিক, পাশে দাঁড়ানোর কেউ নেই’ শিরোনামে নাদিয়ার উপর প্রতিবেদন একটি জাতীয় দৈনিকে ছাপা হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী। আদালতে রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেয়। গত ৬ এপ্রিল হেফাজতে ইসলামের সমাবেশের ওপর প্রতিবেদন সংগ্রহকালে নাদিয়া শারমিনের ওপর হামলার ঘটনা ঘটে।