এমপিওভুক্তির দাবিতে সহকারী গ্রন্থাগারিকদের অবস্থান কর্মসূচি

এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিও বঞ্চিত সহকারী গ্রন্থাগারিকরা। গতকাল রবিবার বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ ও জনবল কাঠামো অনুযায়ী সহকারী গ্রন্থাগারিক পদটি মাধ্যমিক বিদ্যালয়ের মূল জনবল কাঠামোর অন্তর্ভুক্ত শূন্যপদ হওয়া সত্ত্বেও এই পদের অধিকাংশই এমপিও বঞ্চিত। বিদ্যালয়গুলোতে নিয়োগ পাওয়া ৮ হাজার গ্রন্থাগারিক তিন মাসের বেতন পাওয়ার কথা। কিন্তু সময় পেরিয়ে গেলেও এমপিওভুক্তির কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। কর্মসূচিতে সংগঠনের মহাসচিব কামরুল হাছান বক্তব্য রাখেন। আজ সকাল ১০টা থেকে আবারো অবস্থান কর্মসূচি শুরু হবে।