মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২১:৫৬
২৪ ঘণ্টা পর রবিবার সকাল সাড়ে ৭টায় মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মাঝিকান্দি নৌ-রুটে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করেছে লঞ্চ-মালিক সমিতি। বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান সামসুদ্দোহা খন্দকারের আশ্বাসের ভিত্তিতে তারা এই ধর্মঘট প্রত্যাহার করে নেন।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, শনিবার রাতে বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান সামসুদ্দোহা খন্দকার লঞ্চ-মালিক সমিতিকে আশ্বস্ত করেন যে, শাহাপরান নামের লঞ্চটি আপাতত এই রুটে চলবে না। এর প্রেক্ষিতে রবিবার সকাল সাড়ে ৭টা থেকে মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মাঝিকান্দি নৌ-রুটে যথারীতি লঞ্চ চলাচল শুরু হয়েছে। উল্লেখ্য, শনিবার মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মাঝিকান্দি নৌ-রুটে সিরিয়াল না মেনে অবৈধ ভাবে শাহাপরান নামের একটি লঞ্চ চলাচলকে কেন্দ্র করে লঞ্চ মালিক সমিতি এই রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।