কাউখালী-ভাণ্ডারিয়া সড়কে ১৫ বিজ্রের ১০টি ব্রীজই ঝুঁকিপূর্ণ

কাউখালী-শিয়ালকাঠি-ভিটাবাড়িয়া-ভাণ্ডারিয়া সড়কে ১৫টি ব্রিজের মধ্যে ১০টিই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কোনটির স্লাবের কংক্রিট উঠে ও নিচ থেকে ভেঙে যাওয়ায় মরিচা পড়া রডের ওপর ইট, বালুর বস্তা, নিচে টিন দিয়ে মাটি দিয়ে চাপা দেয়া, কোনটিতে স্টিল স্লিপার দিয়ে চাপা দেয়া হয়েছে। বেশির ভাগ ব্রিজের রেলিং ভেঙে বিলীন হয়েছে কবে তার কোন হদিস নেই। ওইসব ব্রিজ দিয়ে চলাচল করছে যানবাহন। খানাখন্দকে ভরপুর ওই সড়কের ব্রিজগুলো দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করলেও সংস্কার বা পুনঃনির্মাণের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। কাউখালী উপজেলার সাথে জেলা এবং ভাণ্ডারিয়া উপজেলার যোগাযোগের সহজ পথ কাউখালী-শিয়ালকাঠি-ভিটাবাড়িয়া ওই সড়কের ব্রিজগুলো নির্মাণ করা হয়। তড়িঘড়ি কার্পেটিং করে ১২ কিলোমিটার দীর্ঘ ওই সড়কে ১৯৯৮ সাল থেকে যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু চারদলীয় জোট সরকার আমলে সড়কের সংস্কার না করায় সড়কটি ভেঙে দেবে একাকার হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সড়কটি পুনঃনির্মাণের জন্য পুনরায় টেণ্ডার হয়। ওই প্রকল্পে কাউখালী থেকে পারসাতুড়িয়া পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের কার্পেটিংসহ পারসাতুরিয়া আদম আলী ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু এর পরে প্রায় এক কিলোমিটার সড়ক এক যুগ ধরে সংস্কার বিহীন পড়ে রয়েছে। অপরদিকে ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোর ব্যাপারে কোন পদক্ষেপ আজো নেয়া হয়নি। পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, ব্রিজগুলোর অবস্থা কতটা খারাপ তা জানা নেই। তবে শীঘ্রই এসও পাঠিয়ে খোঁজ-খবর নেব।