চাটখিলে প্রবাসীকে হত্যা চেষ্টায় আটক ১
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২২:০৯
চাটখিলে আমেরিকা প্রবাসী হাজী আব্দুল হাইয়ের বাড়ি ও সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দখলকারীরা। এঘটনায় আহত প্রবাসী আবদুল হাই, নাজমা আক্তার, পেয়ারা বেগম ও ফারুক হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ আবু সায়েদ নামের একজনকে গ্রেফতার করেছে।
জানা যায়, উপজেলার সাধুরখিল গ্রামের হাজী আবদুল হাই সপরিবারে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। গত দু’মাস পূর্বে তিনি দেশে বেড়াতে আসেন। আহত প্রবাসি আব্দুল হাই অভিযোগ করে বলেন, আবু সায়েদ ও তার ছেলেরা প্রবাসী আবদুল হাইয়ের বিল্ডিং ও বাড়ির জমি জবরদখলের চেষ্টা করে আসছে। তাঁরা দখলে ব্যর্থ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। শনিবার সকালে আবু সায়েদ ও তাঁর ছেলেরা আবদুল হাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। তার চিত্কারে আত্মীয়স্বজনরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে আহত করে। চাটখিল থানার ওসি ইব্রাহিম খলিল বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। খুব শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে।