নাগেশ্বরীতে ৮১ নকলনবিস পরিবারে ঈদ আনন্দ নেই

নাগেশ্বরীতে ঈদ আনন্দ নেই সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত ৮১ নকলনবিস পরিবারে হাড়ভাঙ্গা পরিশ্রম করে ১ বছরের মজুরি না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে তারা। জানা গেছে দলিলের বালাম বইয়ের প্রতি পাতা ১৫ টাকা হিসেবে লিখে তারা সংসার চালায়। গত ২০১২ সালের জুলাই থেকে বকেয়া পড়ে আছে মজুরি। বছরের বেশিরভাগ সময় মজুরি বকেয়া থাকার কারণে ঋণ করে তাদের সংসার চালাতে হয়। ধনেন্দ্র নাথ, রেজাউল করিম, দীলিপ কুমার, মর্জিনা, আজিজা সুলতানা, রাবেয়া, শরিফা, বানেছা, ফাহমিদা, আল ফরিদ বলেন, সরকারের রাজস্ব আদায়ের অন্যতম খাত ভূমি রেজিঃ ফি দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অনেক কাজ হয়। অথচ তারা দলিলের বালাম বই লিখে মজুরি পায় না নিয়মিত। শুধু প্রশাসনিক জটিলতার কারণে বছরের পর বছর তা বকেয়া পড়ে থাকে । আসন্ন ঈদ। মজুরি না পাওয়ায় ঈদের কেনাকাটাও করতে পারেনি। সারাদিন রোজা রেখে ইফতারিতে জুটছে না ভালো খাবার। ফিকে হয়ে আসছে তাদের ঈদ আনন্দ। নাগেশ্বরী সাবরেজিস্ট্রার জাহাঙ্গীর আলম বলেন, তাদের দুই মাসের বকেয়া মজুরির টাকা ঈদের আগে দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি পত্র এসেছে। বরাদ্দ পেলে দেয়া হবে।