আগামী জাতীয় নির্বাচন সংবিধানের নির্দেশিত পথেই হবে :নাসিম
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২২:০৯
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধানের নির্দেশিত পথেই অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি নিয়ে সারা দেশে কাজ শুরু করেছে। রবিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাড়াশ উপজেলা চেয়ারম্যান গাজী মম আমজাদ হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট বিএনপিই বিনষ্ট করেছে। এ সরকার ব্যবস্থার এখন আর প্রয়োজন নেই, তেমনি এ বিষয় নিয়ে কোন প্রকার আলোচনারও সুযোগ নেই। পাঁচ সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠুভাবে সম্পন্ন করে বর্তমান সরকার প্রমাণ করেছে, তত্ত্বাবধায়ক সরকার নয়, শেখ হাসিনার সরকারের অধীনেও নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। তিনি উল্লেখ করেন, প্রকাশ্যে যারা নারী জাতির সম্মানহানি করে সেই হেফাজতে ইসলাম নামধারী ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি দেশে জঙ্গি ও তালেবানী সরকার গঠনের নোংরা খেলায় মেতেছে।