বগুড়া-জামতৈল রেলপথ হলে সাশ্রয় হবে জ্বালানি

নীলফামারীর সৈয়দপুরসহ উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেনগুলোতে শুধু জ্বালানি খাতে সরকারকে প্রতি বছর কোটি কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। মাত্র ৭৫ কিলোমিটার রেলপথ স্থাপন করা হলে এ অর্থ সাশ্রয় করা সম্ভব। সূত্র জানায়, সৈয়দপুর থেকে ঢাকাগামী নীলসাগর, দিনাজপুর থেকে দ্রুতযান এবং রংপুর থেকে রংপুর এক্সপ্রেস—এসব ট্রেনে ঢাকা যেতে ১১৪ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে অতিরিক্ত জ্বালানি খরচ ও সময় অপচয় হচ্ছে। ডিজি লাইনে চলাচলকারী ট্রেনগুলোকে সান্তাহার হয়ে ঈশ্বরদী এবং ঈশ্বরদী হয়ে জামতৈল যেতে হচ্ছে। এতে ১৪৯ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। অথচ বগুড়া-জামতৈল রেলপথ সংযোগ দেয়া হলে সেক্ষেত্রে ৩৪ কিলোমিটার পথের জ্বালানি সাশ্রয় হবে। সঠিক পরিকল্পনা নিয়ে ৭৫ কিলোমিটার রেলপথ স্থাপন করা হলে যাত্রী সংখ্যাও প্রতিনিয়ত বৃদ্ধি পাবে এবং সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে।