চান্দিনায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

কুমিল্লার চান্দিনায় দীর্ঘ ৮ বছর পর ২য় বারের মতো উদ্বোধন হলো মহিচাইল ২০ শয্যা হাসপাতাল। শনিবার দুপুরে এ হাসপাতালের উদ্বোধন করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। চান্দিনার টিআইচও মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, ইউএনও মোহাম্মদ শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী, সাধারণ সম্পাদক তপন বক্সীসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ। বিএনপি-জামায়াত জোট সরকারের তত্কালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. রেদোয়ান আহেমদ ২০০৫ সালে হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৫-২০০৬ অর্থবছরে ৩.৬১ একর জমির উপর ৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হয়। ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ডেপুটেশনের মাধ্যমে ২জন মেডিক্যাল অফিসার, ৩ জন নার্সসহ আরও কয়েকজন কর্মচারি নিয়ে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালের ২ মার্চ তাদের ডেপুটেশন বাতিল করা হয়। পরবর্তীতে এ ২০ শয্যা হাসপাতালটি একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ন্যায় পরিচালিত হয়ে আসছিল। শনিবার হাসপাতালের পুনঃউদ্বোধন করা হলেও এখনই আন্তঃবিভাগ চালু হবে না বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।