সরে দাঁড়ালেন কোচ মিলন
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২২:১৭
জাতীয় ফুটবল দলে গোলকিপিং কোচ হিসেবে কাজ করছিলেন সাবেক গোলকিপার জাহিদুর রহমান মিলন। কিন্তু তিনি আর এ দায়িত্ব পালন করবেন না জানিয়ে বাফুফের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন। মিলন বললেন ‘ক্রুইফ আমাকে সহকারী কোচ হিসেবে নিয়েছিল। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে দেখলাম আমি শুধু গোলকিপারদের নিয়ে কাজ করছি। কিন্তু আমি তো আসলে গোলকিপিং কোচ না।’
মিলন ক্লাব কোচিংয়ে সাধারণত প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তিনি সব সময় চান প্রধান কোচের দায়িত্বে থাকতে। জাতীয় দলে ডাক পেয়ে ভেবেছিলেন ডাচ কোচের সান্নিধ্যে ভালো কিছু শেখার সুযোগ থাকবে। কিন্তু দায়িত্ব নিয়ে দেখলেন গোলপোস্টের নিচের সমস্যা নিয়ে কাজ করতে হয়। তিনি গোলপোস্টের নিচে থাকতে নারাজ। পুরো মাঠ জুড়ে কাজ করতে চান।
ডাচ কোচের সাথে থাকলে সে সুযোগ আসছে না সেটা বুঝতে পেরেছেন স্থানীয় এই কোচ। এ কারণে সরে যাচ্ছেন তিনি। আরামবাগ ক্রীড়াসংঘ, ফেনীর সকার ক্লাব এবং শেখ রাসেলের কোচ ছিলেন মিলন । ২০০১ সালে মোহামেডানের গোলকিপার হিসেবে খেলা মিলন সেবার ক্লাব কর্তাদের সাথে অভিমান করে খেলাটাই ছেড়ে দিয়েছিলেন তিনি। মনে হচ্ছে এবারো অভিমান করেছেন তিনি। যদিও তার বক্তব্য ‘না না আমি কোনো অভিমান করে জাতীয় দল ছাড়ছি না। ক্রুইফরা যেটা চাইছেন আমি সেটা দিতে পারছি না। এখানে আমি মানিয়ে নিতে পারছি না’। তিনি বলেন, ‘ক্রুইফের সাথে কাজ করার জন্য আমি তার কাছে ইন্টারভিউ দিয়েছিলাম। আমি সহকারী কোচ হিসেবে কাজ করার জন্য এসেছিলাম। এখন দেখলাম আমাকে গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে। আমি তো গোলকিপিং কোচ না।’