স্ট্যানফোর্ডের ফাইনালে রাদওয়ানস্কা

শীর্ষ বাছাই অগনেইস্কা রাদওয়ানস্কা আজ স্টানফোর্ড ওপেনের ফাইনালে স্লোভাকিয়ার ড্যানিয়েলা চিবালকোভার মুখোমুখি হবেন। ফাইনালে ওঠার লড়াইয়ে গতকাল রবিবার জ্যামি হ্যাম্পটনকে ৬-৩, ৬-২ গেমে হারান তিনি। সর্বশেষ যেবার রাদওয়ানস্কা চিবালকোভার মুখোমুখি হয়েছিলেন সেটা ছিল গত জানুয়ারিতে সিডনি ওপেনের ফাইনাল। সেবার অবশ্য এই পোলিশ তারকার সামনে পাত্তাই পাননি চিবালকোভা। এই স্লোভাকিয়ানকে তিনি উড়িয়ে দেন ৬-০, ৬-০ গেমে। তবে আজকের ফাইনালটি ততটা একপেশে হবে না বলেই মনে করছেন এই পোলিশ। ‘আমার মনে হয় না সে এই ধরনের খেলোয়াড় যাকে প্রতিদিনই কোন পয়েন্ট খুইয়ে উড়িয়ে দেয়া যাবে। তবে আমি আশাবাদী আজকের খেলাটাই আমি ফাইনালে খেলতে পারবো।’ তবে চিবালকোভার বিরুদ্ধে রাদওয়ানস্কার ক্যারিয়ার রেকর্ড বলছে, ফাইনালে বড় কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না তাকে। কারণ এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়ে চিবালকোভার কাছে একবারও হারতে হয়নি তাকে। শেষ চারের লড়াইয়ে গতকাল রাদওয়ানস্কার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তার দারুণ গতিশীল সার্ভগুলোর কোন জবাবই ছিল না হ্যাম্পটনের কাছে। দ্বিতীয় সেটে ১২ বার সার্ভের সুযোগ পেয়ে ১১ বারই প্রথম সেটে পয়েন্ট তুলে নেন তিনি। দিন কয়েক আগে ইএসপিএন’র ম্যাগাজিনে নগ্নভাবে পোজ দিয়ে আলোচনায় আসা ২৪ বছর বয়সী এই তারকা ম্যাচ শেষে বলেন, ‘আমি জানতাম জিততে হলে আমাকে ধারাবাহিক হতে হবে। আমার খেলা নিয়ে আমি সন্তুষ্ট এবং দুই সেটেই ফলাফল নির্ধারণ করতে পারাটাও ছিল দারুণ।’ এদিকে রাদওয়ানস্কার মতোই সহজ জয়েই ফাইনালে পৌঁছেছেন চিবালকোভাও। সেমিফাইনালে তিনি ৬-৪, ৬-০ গেমে হারিয়েছেন সোরানা ক্রিস্টিয়াকে।