ভারতের সিরিজ জয়

অমিত মিশ্রার দারুণ বোলিংয়ের পর ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে গতকাল হারারেতে জিম্বাবুয়েকে সাত উইকেটে পরাজিত করে ভারত। পাঁচ ম্যাচ সিরিজে টানা তৃতীয় জয়ের কল্যাণে একইসঙ্গে সিরিজও নিশ্চিত করে ফেললো বিশ্ব চ্যাম্পিয়নরা। টসে জিতে ফিল্ডিংয়ে নামা ভারতকে প্রথম ওভারেই সাফল্য এনে দেন পেসার বিনয় কুমার। জিম্বাবুয়ে ওপেনার ভুসিমুজি সিবান্দাকে শেখর ধাওয়ানের ক্যাচে পরিণত করেন তিনি। দ্বিতীয় ওভারেই ফিরে যান আরেক ওপেনার সিকান্দার রাজাও। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক ব্রেন্ডন টেলর হ্যামিল্টন মাসাকাদজাকে নিয়ে দলকে কিছুদূর টেনে নিতে পারলেও টেলরের বিদায়ে আবারো বিপদে পড়ে তারা। এরপর মিশ্রা আক্রমণে এলে সেই বিপদ থেকে আর উদ্ধার পায়নি স্বাগতিকরা। নির্ধারিত ওভারসীমার চার ওভার বাকি থাকতেই ১৮৩ রানে অল আউট হয়ে যায় তারা। অপেক্ষাকৃত কম রানের তাড়ায় নেমে সফরকারিরা ষষ্ঠ ওভারেই হারায় রোহিত শর্মা উইকেট। দলীয় ৬৭ রানে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ধাওয়ানও। তবে বিরাট কোহলির অপরাজিত ৬৮ রানে ভর করে শেষ পর্যন্ত সহজ জয়ই পায় ভারত। মিশ্রা ম্যাচ সেরা নির্বাচিত হন।