মাওয়ায় তীব্র স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত

দুইদিনের টানা বর্ষায় পদ্মায় পানি বেড়েছে। একই সঙ্গে বেড়ে গেছে স্রোতের গতি। তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে উভয় পাড়ে সৃষ্টি হয়েছে যানজট। অবিরাম বৃষ্টিতে যাত্রীরা পড়েছেন অবর্ণনীয় ভোগান্তির মধ্যে। রবিবার বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ম্যানেজার সিরাজুল হক জানান, তীব্র স্রোত, বৃষ্টি ও বাতাসের কারণে ফেরিগুলোর গন্তব্যে আসতে আধাঘণ্টা থেকে পৌনে একঘণ্টা বেশি সময় লাগছে। ১৩টি ফেরি চলাচল করা সত্ত্বেও উভয় পাড়ে যানজট সৃষ্টি হয়েছে। কাওড়াকান্দি ঘাটের অবস্থা বেশি নাজুক। বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আ. সালাম জানান, বৃষ্টির কারণে ঘাট পিচ্ছিল হওয়ায় যানবাহনের ফেরিতে উঠতে-নামতেও বেশি সময় লাগছে।